প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
নটর ডেমে দ্বিতীয়, ঢাকা বোর্ডে অষ্টম — রিয়ানের সাফল্যে গর্বিত মাদারীপুরবাসী

মাদারীপুর,প্রতিনিধি:
মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এইচএসসি-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন মাদারীপুরের ডাসার উপজেলার কৃতী সন্তান মো. তাওহিদ ইসলাম রিয়ান।
ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের মেধাতালিকায় দ্বিতীয় এবং ঢাকা শিক্ষা বোর্ডে অষ্টম স্থান অর্জন করে তিনি গর্বিত করেছেন পরিবার, জন্মভূমি ডাসারসহ পুরো মাদারীপুর জেলাকে।
রিয়ান প্রকৌশলী আরিফুল ইসলাম শিমুলের ছেলে। শৈশব থেকেই মেধাবী ও অধ্যবসায়ী রিয়ান নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের দিকনির্দেশনায় এ সাফল্য অর্জন করেন।
কলেজ সূত্রে জানা যায়, এইচএসসি-২০২৬ পরীক্ষায় নটর ডেম কলেজ থেকে ৩ হাজার ২৫৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেন ২ হাজার ২২৯ জন। প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় ১ হাজার ২১৮ নম্বর পেয়ে কলেজের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন রিয়ান।
তার এ কৃতিত্বে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বড়ধানুয়া গ্রামসহ পুরো এলাকায় আনন্দের আবহ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
ভবিষ্যতে প্রকৌশলী কিংবা দেশসেরা গবেষক হয়ে দেশের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেন তাওহিদ ইসলাম রিয়ান। এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
রিয়ানের এ সাফল্য শুধু পরিবারের গর্ব নয়, বরং ডাসারের তরুণ প্রজন্মের জন্যও এক অনুকরণীয় অনুপ্রেরণা।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।